নরসিংদীতে যুবলীগের ঝটিকা মিছিল
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ০৮:১৬
| প্রিন্ট সংস্করণ
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা। গতকাল বুধবার দুপুরে রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের হয়ে কিছুদূর গিয়ে মিছিলকারীরা যে যার মতো সটকে পড়েন। এ সময় মিছিলকারীদের মধ্য থেকে এক যুবলীগকর্মী ফেসবুকে লাইভ করেন।
মিছিলে অংশ নিয়েছেন শিবপুর উপজেলার রফিক ও প্রিন্স ইমন এবং রায়পুরা উপজেলার মরজাল গ্রামের যুবলীগ নেতা বেদনসহ ২০-২৫ জন। এ সময় বিভিন্ন স্লোগান দেন মিছিলকারীরা। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় সাত মিনিট অবস্থান করে।
রায়পুরা থানার ওসি মজিবুর রহমান বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর ও রায়পুরা সীমান্তে ১৫-২০ জনের মতো যুবক জড়ো হয়েছিল। পাঁচজনকে শনাক্ত করেছেন তারা। তাদের মধ্যে তিনজনের বাড়ি রায়পুরা উপজেলার মরজালে ও দুজনের বাড়ি শিবপুরে। বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া জানান, তদন্ত চলছে। তাদের নাম-পরিচয় এবং এর বেশি কিছু বলা যাবে না।
- বিষয় :
- মিছিল
