ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুর্নীতির দায়ে জামালপুরে এবার সার্টিফিকেট সহকারী বরখাস্ত

দুর্নীতির দায়ে জামালপুরে এবার সার্টিফিকেট সহকারী বরখাস্ত
×

মো. জিয়া শাহ সুলতান

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬ | ২২:৩৯

জামালপুরে ভূমি উপ-সহকারী কর্মকর্তার পর এবার বরখাস্ত হলেন ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী মো. জিয়া শাহ সুলতান। তিনি জামালপুর সদর উপজেলা ভূমি অফিসে কর্মরত ছিলেন। এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিসকেসের চূড়ান্ত আদেশ প্রদান, সেবাগ্রহীতাদের হয়রানি এবং সরকারি কাজে বাঁধা সৃষ্টির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে কোনো ধরনের বকেয়া আর্থিক সুবিধা প্রদান না করার নির্দেশ দেওয়া হয়েছে। 

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী স্বাক্ষরিত এক অফিস আদেশে তার বিরুদ্ধে গুরুদণ্ড হিসাবে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এর আগে, গত ১ মে দেওয়ানগঞ্জ উপজেলার ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. সাজ্জাতুল হককে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এসিল্যান্ডসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বাক্ষর জাল করে ভূমির নামজারি ও হোল্ডিং খোলাসহ নানা অনিয়ম ও ঘুস-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়।

জানা গেছে, সার্টিফিকেট সহকারী মো. জিয়া শাহ সুলতান দেওয়ানগঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত থাকাকালে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. শামছুজ্জামান আসিফের স্বাক্ষর জাল করে মিসকেসের চূড়ান্ত আদেশ প্রদান করাসহ নানা অনিয়ম ও ঘুষ দুর্নীতিতে জড়িয়ে পড়েন। 

অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩ (খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এবং ৩ (ঘ) অনুযায়ী ‘দুর্নীতিপরায়ণ-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু হয়। পরে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি লিখিত জবাব দাখিল করেন এবং ব্যক্তিগত শুনানিতেও অংশ নেন।

তার জবাব সন্তোষজনক না হওয়ায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাসকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। ফলে তাকে ‘চাকরি হতে অপসারণ’ সূচক গুরুদণ্ড প্রদান করা হয়।

জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর হায়দার বলেন, বিভাগীয় কমিশনার অফিস থেকে ওই কর্মচারীর বরখাস্তের আদেশ পেয়েছেন। সরকারি চাকরিবিধি মোতাবেক তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×