ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
×

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ১৫ মে ২০২৬ | ১৭:৫২

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ৯ মাস বয়সী শিশুটি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বাসিন্দা। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১২ মে রাত ৮টার দিকে শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ১৪ মে সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। 

চিকিৎসকরা শিশুটির মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরসহ সন্দেহভাজন হামের কথা উল্লেখ করেছেন।

হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। বর্তমানে হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে মোট ১০৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, গত দুই মাসে হাসপাতালে মোট ১ হাজার ৩৪০ জন হামের রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ২০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও প্রাণ হারিয়েছেন মোট ৩৩ শিশু।

সার্বিক পরিস্থিতি ও চিকিৎসার বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে হামের প্রকোপ বাড়তে শুরু করেছে। 

তিনি বলেন, আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করছি। তবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, রোগীরা একদম শেষ পর্যায়ে হাসপাতালে আসছেন। 

ডা. মাইনউদ্দিন খান আরও বলেন, হাম প্রতিরোধের জন্য শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শিশুর শরীরে জ্বর বা লালচে দানা দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

×