টেকনাফে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে অপহরণ
হোছেন আলী
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১৪:৫৬ | আপডেট: ১৬ মে ২০২৬ | ১৪:৫৮
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে হোছেন আলী (৫০) নামে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঝর্ণা পাড়ায় এ ঘটনা ঘটে। অপহৃত হোছেন আলী স্থানীয় মৃত রহমান আলীর ছেলে।
পরিবারের সদস্যদের দাবি, অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করে। পরে হোছেন আলী ঘর থেকে বের হলে অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক তুলে নিয়ে পাহাড়ের দিকে চলে যায় অপহরণকারীরা।
অপহৃতের ভাই আবদুর রহমান জুয়েল জানান, ঘটনার সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানানো হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অপহৃত ব্যক্তির দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাহারছড়ায় এক ব্যক্তিকে অপহরণের ঘটনায় পুলিশ কাজ করছে। তবে অপহরণকারীরা পুলিশ পরিচয় দেয়নি বলে জানান তিনি।
- বিষয় :
- কক্সবাজার
