কুমিল্লা
দল থেকে বহিষ্কৃত হলেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তায় এমপি শাওন
সড়ক পথে যাওয়ার সময় গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রী এমপি শাওনের মাথায় হাত বুলিয়ে দেন। ছবি: সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ২২:০৭ | আপডেট: ১৭ মে ২০২৬ | ১২:৩৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় বিএনপির থেকে বহিষ্কৃত হন জেলার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। পরে শাওন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রতীকে নির্বাচিত হন। আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সড়ক পথে কুমিল্লা হয়ে চাঁদপুরের যাওয়ার পথে তাকে স্বাগত জানাতে এমপি শাওন কয়েক হাজার বিএনপি নেতাকর্মী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা সদরে চট্টগ্রামমুখী লেনে সড়কের পাশে অবস্থান নেন। এ সময় গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে দেন।
দলীয় সূত্রে জানা যায়, সংসদ নির্বাচনের সময় কেন্দ্রীয় বিএনপি চান্দিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত এবং তৎকালীন উপজেলা সভাপতিকে দল থেকে বহিষ্কার করে। তবে আজ শনিবার সকাল ৮টা থেকে চান্দিনার ইলিয়টগঞ্জ, কুটুম্বপুর, পালকি সিনেমা হল সংলগ্ন ও চান্দিনা বাস স্টেশনসহ উপজেলা গেট এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দুই পাশে কয়েক হাজার নেতাকর্মী অবস্থান নেন। এ সময় নেতাকর্মীদের হাতে ব্যানার, ফেস্টুন দেখা যায়। ওই ব্যানার ফেস্টুনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি কুমিল্লা-৭ চান্দিনা আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়।
সকাল সাড়ে ১১টায় মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট এলাকায় জনস্রোতে প্রধানমন্ত্রীর বহনকারী গাড়ির গতি প্রায় যায়। এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ির দরজা খুলে স্বতন্ত্র সংসদ সদস্য আতিকুল আলম শাওন এর মাথায় হাত বুলিয়ে দেন। ওই ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
চান্দিনা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভুঁইয়া জানান, আমাদেরকে দল থেকে বহিষ্কার করলেও আমরা বিএনপি’র আদর্শ ছেড়ে কখনও যাবো না। আজ প্রধানমন্ত্রী গাড়ি থামিয়ে দরজা খুলে আমাদের নেতাকে কাছে টেনে নিয়ে তাকে দোয়া করেছেন এটাও আমাদের কাছে বড় প্রাপ্তি। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শীঘ্রই নির্বাচনকালীন তার সিদ্ধান্ত পরিবর্তন আমাদের নেতা আতিকুল আলম এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করবেন।
এমপি শাওন বলেন, ‘দলের দুঃসময়েও তো দল ছেড়ে যাইনি। দলের মনোনয়ন না পেয়ে হতাশ হয়নি। কমিটি ভেঙে দেওয়া হয়েছে। দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। তবুও আজ প্রিয় নেতা আমার নির্বাচনী আসন দিয়ে চাঁদপুর যাবেন এ খবরে ঘরে বসে থাকতে পারিনি। এটাই দলের প্রতি আমার ভালবাসা।’ তাঁর ভাষ্য, ‘প্রধানমন্ত্রী আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী থেকে এর চেয়ে বেশী আর কি প্রত্যাশা করতে পারি।’
এর আগে, গত ২১ জানুয়ারি দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি মো. আতিকুল আলম শাওনকে দলের সব পদ থেকে বহিষ্কার করে দলটি। আতিকুল আলম শাওন দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ চান্দিনা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বদ্বতা করেন। পরে ২৬ জানুয়ারি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে চান্দিনা উপজেলা বিএনপির কমিটিও বিলুপ্ত করা হয়। ওই নির্বাচনে এলডিপির মহাসচিবের পদ ছেড়ে বিএনপিতে যোগ দেয়া সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদকে হারিয়ে শাওন স্বতন্ত্র প্রতীকে বিজয়ী হন। স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন পেয়েছেন ৯০ হাজার ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ ধানের শীষ প্রতীকে পান ৪৭ হাজার ৯২৫ ভোট।
- বিষয় :
- কুমিল্লা
