ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

সিঙ্গাইরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

সিঙ্গাইরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
×

প্রতীকী ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৯:২০

মানিকগঞ্জের সিঙ্গাইরে ডাকাত সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে রাজিব হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে উপজেলার শায়েস্তা ইউনিয়নের বান্দাইল জিয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি এটি ডাকাতি নয় চুরির ঘটনা।

নিহত রাজিব ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড এলাকার ফুলবর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত দুইটার দিকে ছয় থেকে সাতজনের এক দল দেশীয় অস্ত্র নিয়ে বান্দাইল জিয়ানগর গ্রামে হাকিম আলীর বাড়িতে প্রবেশ করে। তারা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে গৃহকর্তা হাকিম আলীকে ভয় দেখায়। এ সময় ডাকাত দলের সদস্য রাজিব ঘরের ভেতর থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে বাইরে অন্য সদস্যদের কাছে দেন। একপর্যায়ে হাকিম আলী রাজিবকে আটক করার চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এসময় গৃহকর্তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন ও রাজিককে আটক করে। পরে স্থানীয়রা রাজিবকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

হাকিম আলীর বড় ভাই হুকুম আলী বলেন, ‘রাত দুইটার দিকে চার-পাঁচজনের একদল ডাকাত ভাইয়ের বাড়িতে হানা দেয়। এক ডাকাত সদস্য বাড়ি থেকে প্রায় ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে বাইরে থাকা সহযোগীদের দেয়। এসময় একজনকে আটক করা হয়। খবর পেয়ে এলাকাবাসীরা জড়ো হয়ে আটক ডাকাত সদস্যকে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই সে মারা যান।  ডাকাত সদস্যকে আমারা মারতে নিষেধ করি। প্রশাসনের হাতে তুলে দিতে বলি। কিন্তু কেউ কথা শোনেননি। ধস্তাধস্তির সময় আমার ভাই হাকিম আলী মাথায় আঘাত পেলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।’

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  সোমবার ভোরে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি ডাকাতি নয়, চুরির ঘটনা হতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির এলাকায় চোর হিসেবে পরিচিত রয়েছে। গণপিটুনিতের নিহতের বাবা-মা ও স্ত্রীসহ আত্মীয়রা থানায় এসেছিলেন। তারা বলে গেছেন লাশ দাফনের পর নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে।’

আরও পড়ুন

×