ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুর্বল অবস্থায় কচ্ছপ উদ্ধার, চিকিৎসা দিয়ে অবমুক্ত

দুর্বল অবস্থায় কচ্ছপ উদ্ধার, চিকিৎসা  দিয়ে অবমুক্ত
×

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের ডিসি পার্কসংলগ্ন এলাকা থেকে গতকাল শনিবার দুপুরে উদ্ধার করা হয় ঝুঁকিপূর্ণ অলিভ রিডলি প্রজাতির একটি স্ত্রী সামুদ্রিক কচ্ছপ। উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্য ও বন বিভাগের কর্মকর্তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে এদিন সন্ধ্য

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ০৮:০৬

| প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ঝুঁকিপূর্ণ প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সৈকতের ডিসি পার্ক সংলগ্ন এলাকায় কচ্ছপটি দেখতে পান স্থানীয় এক আলোকচিত্রী। তাঁর কাছ থেকে খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা কচ্ছপটির প্রাথমিক চিকিৎসা দেন। সন্ধ্যার দিকে চর বিজয় এলাকায় সেটিকে ছেড়ে দেওয়া হয়। 
আলোকচিত্রী সাইফুল ইসলাম শনিবার দুপুর ১২টার দিকে কচ্ছপটিকে প্রথম দেখতে পান। তিনি বলেন, ‘প্রথমে মনে হয়েছিল হয়তো এটি মারা গেছে। পরে কাছে গিয়ে দেখি ধীরে ধীরে নড়াচড়া করছে। তখন বুঝতে পারি এটি জীবিত, কিন্তু খুব দুর্বল অবস্থায় আছে। সঙ্গে সঙ্গে উপরার সদস্যদের কল দিই। তারা দ্রুত কচ্ছপটিকে উদ্ধার করেন।’

উপরার আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, তাদের ধারণা, কচ্ছপটি পূর্ণবয়স্ক স্ত্রী অলিভ রিডলি জাতের। সাধারণত এ সময় স্ত্রী কচ্ছপগুলো ডিম পাড়ার জন্য নিরিবিলি সৈকতে চলে আসে। হয়তো ডিম দেওয়ার উদ্দেশ্যেই এটি কুয়াকাটার উপকূলে এসেছে। কচ্ছপটিকে বেশ দুর্বল ও ক্লান্ত অবস্থায় পাওয়া গেছে। সমুদ্রে মাছ ধরার জালে আটকে গিয়ে আঘাত পাওয়া, দীর্ঘ সময় পানির বাইরে থাকা কিংবা প্লাস্টিক বর্জ্য খাওয়ায় এমন পরিস্থিতি হতে পারে। 

পরবর্তী সময় তারা কচ্ছপটিকে প্রাথমিক চিকিৎসা দেন। বন বিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানিয়ে পরবর্তী  সময় সন্ধ্যার আগে চর বিজয় এলাকায় অবমুক্ত করা হয়। উপরা সদস্যদের দেওয়া তথ্যমতে, ৩০-৩৫ কেজি ওজনের কচ্ছপটি প্যাসিফিক রিডলি নামেও পরিচিত। ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে এদের উপস্থিতি বেশি দেখা যায়। আটলান্টিক মহাসাগরের উষ্ণ জলেও এই কচ্ছপের বিচরণ রয়েছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের তালিকায় প্রজাতি ঝুঁকিপূর্ণ শ্রেণিতে আছে। 
কুয়াকাটা বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপ আমাদের উপকূলীয় জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ একটি অংশ। এ ধরনের প্রাণী খুব একটা দেখা যায় না। স্থানীয় লোকজন দ্রুত তথ্য দেওয়ায় কচ্ছপটিকে জীবিত উদ্ধার করা গেছে। আমরা কচ্ছপটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করি। পরে উপরা সদস্যদের সহায়তায় নিরাপদে অবমুক্ত করেছি।’
তিনি আরও বলেন, সমুদ্রদূষণ, প্লাস্টিক বর্জ্য ও অবৈধ জালের ব্যবহার সামুদ্রিক প্রাণীর জন্য বড় হুমকি। ডিম দেওয়ার মৌসুমে কচ্ছপগুলো উপকূলে উঠে আসে। তখন নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। স্থানীয় লোকজন ও পর্যটকদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে তারা কাজ করছেন। 

আরও পড়ুন

×