ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
×

নুরে আলম ও ইউনুস মিয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৫:৩৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের নুরে আলম (৪২) এবং চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ইউনুস মিয়া (৪৩)।

শুক্রবার রাতে জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিবার জানিয়েছে, তারা শনিবার মৃত্যুর সংবাদ পান।  

পারিবার সূত্রে জানা গেছে, নুরে আলম ও ইউনুস মিয়া সৌদি আরবের রিয়াদে যৌথভাবে ব্যবসা পরিচালনা করতেন। শুক্রবার জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে রিয়াদে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। চালকসহ আহত হন আরও দুইজন। এবারের কোরবানির ঈদে নুরে আলম ও ইউনুস দেশে আসার কথা ছিল। তারা দুজনই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। 

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী ও নিহত নুর আলমের ভাগিনা মনির হোসেন জানান, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তার মামা নুর আলম ও তার বন্ধু চৌদ্দগ্রাম উপজেলার ইউনুস মিয়া নামের অপর প্রবাসী মারা যান। গাড়ির চালকের অবস্থাও আশঙ্কাজনক। এ দুর্ঘটনায় একজন সৌদি নাগরিকও মারা গেছেন বলে জানান তিনি। 

নিহত নুরে আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, আমাদের পরিবারে ৬ জনের ভরণপোষণ চলত স্বামীর উপার্জনে। স্বামীকে হারিয়ে আমরা এখন দিশেহারা। কীভাবে চলবে সংসার, তা ভাবতে পারছি না। আমার স্বামীর মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চাই। 

এদিকে একই দুর্ঘটনায় নিহত ইউনুস মিয়ার ৪ মাসের পুত্রসন্তানকে দেখতে কোরবানির ঈদে দেশে আসার কথা ছিল। এ উপলক্ষে বিমানের টিকিটও কেটে রেখেছিলেন তিনি।  

তার ছোট ভাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মারুফ রোববার সমকালকে বলেন, আমার বড় ভাই আমাদের পরিবারের অভিভাবক ছিলেন। তিনি দীর্ঘ ২৮ বছর ধরে সৌদি আরবে অনেক পরিশ্রম করে আসছেন। তার ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে। আমার বৃদ্ধ বাবা-মাসহ পরিবারের সদস্যরা ভাইয়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন। 

কুমিল্লার জেলা প্রশাসক মুঃ রেজা হাসান বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে আনার জন্য জেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। 

আরও পড়ুন

×