তাহিরপুর সীমান্তে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ২০:২২
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় আঙ্গুর মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রাজাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঙ্গুর মিয়া ওই গ্রামের আবুল মুনসুরের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত তিনটার দিকে আঙ্গুর মিয়া নিজ বাসা থেকে বের হয়। পরে ভোর ৬টার দিকে রাজাই মিশন স্কুলসংলগ্ন সড়কের পাশে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের ভাতিজা সাগর মিয়া অভিযোগ করে বলেন, ‘শনিবার রাত ১০টার দিকে বিজিবির জব্দ করা ভারতীয় নাসির উদ্দিন বিড়িকে কেন্দ্র করে একই গ্রামের আব্দুল বারিকের ছেলে আকরাম হোসেন আমার চাচাকে প্রাণনাশের হুমকি দেয়। সকালে আমরা তার লাশ দেখতে পাই।’
স্থানীয় ওয়ার্ড সদস্য জিল্লু মিয়া বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খোঁজ নিয়ে জানতে পেরেছি, আঙ্গুর মিয়া সীমান্ত এলাকায় বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন। তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।’
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। অভিযোগ সাপেক্ষে মামলা রুজু করা হবে।’
