ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

পঞ্চগড় সীমান্ত

শূন্যরেখা থেকে সেই ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ

শূন্যরেখা থেকে সেই ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ
×

বিজিবির বাধার মুখে তারা সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করতে থাকে। ছবি: সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১২:১১ | আপডেট: ০৮ জুন ২০২৬ | ১৩:২৪

পঞ্চগড়ের বড়বাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর পুশইন চেষ্টার শিকার নারী ও শিশুসহ দুই পরিবারের ১০ জনকে অবশেষে সীমান্তের শূন্যরেখা (জিরো লাইন) থেকে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বিএসএফ তাদের শূন্যরেখা এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়। পরে সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম।

বিজিবি জানায়, গত বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ী সীমান্তে মেইন পিলার ৭৫৮-এর ৫ নম্বর সাব-পিলার এলাকায় ওই ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। তবে বিজিবির বাধার মুখে তারা সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করতে থাকে।

পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি পরিস্থিতি পর্যবেক্ষণ করে। দলে থাকা পাঁচজন পুরুষ, তিনজন নারী এবং দুইজন শিশু দীর্ঘ তিন দিন ধরে খোলা আকাশের নিচে অবস্থান করছিলেন বলে জানা যায় স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঝড়-বৃষ্টি, প্রচণ্ড রোদ ও গরমে তারা চরম মানবিক দুর্ভোগে পড়েন। সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের মুখোমুখি অবস্থানের কারণে স্থানীয়দের মধ্যেও কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়।

৫৬ বিজিবির অধিনায়ক জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
 

আরও পড়ুন

×