ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

১১ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, দুই দিন পর ভারতে ফিরিয়ে নিল বিএসএফ

১১ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, দুই দিন পর ভারতে ফিরিয়ে নিল বিএসএফ
×

সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে। ছবি: সমকাল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১১:০৭

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার দুই দিন পর সীমান্তের শূন্যরেখা (জিরো লাইন) এলাকায় অবস্থানরত নারী ও শিশুসহ ১১ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোরে বিএসএফ ওই ১১ জনকে জিরো লাইন এলাকা থেকে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নেয়। বর্তমানে তারা আর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে না।

এর আগে শনিবার ভোরে মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ওই ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া অবস্থান ও নজরদারির কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর তারা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করতে থাকে।

জানা গেছে, ওই দলে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪টি শিশু ছিল। দীর্ঘ সময় খোলা আকাশের নিচে অবস্থানের কারণে তারা মানবিক দুর্ভোগে পড়ে, যার মধ্যে একজন গর্ভবতী নারীও ছিলেন বলে জানা যায়।

৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানিয়েছেন, সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে। অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের যেকোনো চেষ্টা প্রতিরোধে বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় দুই দিন ধরে উত্তেজনা ও আলোচনা সৃষ্টি হলেও শেষ পর্যন্ত বিএসএফ তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 

আরও পড়ুন

×