মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৫:৫৭
মাগুরা সদর উপজেলায় বাড়ির পাশে ডুবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বুজরুক শ্রীকুন্ডী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের জামাল হোসেনের ছেলে নাঈম (৬) এবং বালিয়াডাঙ্গা গ্রামের লিটন হোসেনের মেয়ে নুসরাত (৭)। তারা সম্পর্কে ফুপু-ভাতিজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই শিশু বাড়ির পাশে ডুবার পাড়ে বৃষ্টির পানিতে খেলছিল। একপর্যায়ে তারা পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাড়ির পাশে ডুবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহ দুটি মাগুরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
