খাগড়াছড়িতে অস্ত্রসহ ২ জেএসএস সদস্যের আত্মসমর্পণ
ফাইল ছবি
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৬:০০ | আপডেট: ১৯ মে ২০২৬ | ১৭:৫৮
খাগড়াছড়ির পানছড়িতে অস্ত্র ও গোলাবারুদসহ জনসংহতি সমিতির (জেএসএস) মূল দলের দুই সশস্ত্র সদস্য আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারীরা হলেন— হৃদয় চাকমা (১৯) ও রিয়েল চাকমা (২১)।
সোমবার রাত দেড়টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ পানছড়ি ব্যাটালিয়নের ৩ বিজিবির অধীন ট্রিগহাইট বিওপিতে আত্মসমর্পণ করেন তারা।
বিজিবি জানায়, আত্মসমর্পণের সময় ওই দুই ব্যক্তি বিওপিতে এসে হাত উঁচু করেন। পরে নিজেদের অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম বিজিবির কাছে জমা দেন।
আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে একটি শটগান, একটি এম-৪এ১ রাইফেল, শটগানের ৬৪ রাউন্ড গুলি ও ১৮৮ রাউন্ড বল অ্যামো উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি ইউনিফর্ম, তিনটি স্মার্টফোন ও দুটি বাটন ফোনও জব্দ করা হয়েছে।
আত্মসমর্পণকারী হৃদয়ের বাড়ি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায়। অন্যদিকে রিয়েল চাকমার বাড়ি খাগড়াছড়ির পানছড়ির আলিচান পাড়ায়।
- বিষয় :
- খাগড়াছড়ি
- অস্ত্র
- গোলাবারুদ
- আত্মসমর্পণ
