ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাসচালকে মারধরের প্রতিবাদে নওগাঁয় দূরপাল্লার বাস বন্ধ

বাসচালকে মারধরের প্রতিবাদে নওগাঁয় দূরপাল্লার বাস বন্ধ
×

ছবি: সমকাল

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৭:১৪

বাসচালককে মারধরের ঘটনার প্রতিবাদে নওগাঁ থেকে বগুড়া, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার সকাল ১০টার পর থেকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। যাত্রী নামিয়ে বাসটি ঘোরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক হঠাৎ করে চালককে মারধর করেন। পরে বাসটি কাউন্টারে গেলে সেখানে গিয়ে ভাঙচুরেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও তারা জানান।

গাইবান্ধা যাওয়ার জন্য কাউন্টারের সামনে অপেক্ষায় থাকা যাত্রী হাবিবুর রহমান বলেন, ‘ঈদের জন্য বাড়ি যাব। একটু আগে আগেই ছুটি নিয়েছি। এসে দেখছি বাস বন্ধ। নওগাঁতে মাঝেমাঝেই শ্রমিকেরা এমন কর্মসূচি দিয়ে আমাদের ভোগান্তিতে ফেলে।’

মুনিরা আক্তার নামে আরেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জরুরি কাজে ঢাকা যাবো। কাউন্টারে এসে শুনি বাস চলবে না। সময়মতো পৌঁছানো দরকার ছিল, এখন কীভাবে যাব বুঝতে পারছি না।’

নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘একতা বাস কাউন্টারের স্টাফদেরকে কে বা কারা মারধর করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ঘটনা তদন্ত করে কি হয়েছে জেনে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।’

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘বাস চলাচল স্বাভাবিক করতে বৈঠক চলছে।’

আরও পড়ুন

×