ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বড়ছড়া থেকে অবাধে সিলিকা বালু লুট

বড়ছড়া থেকে অবাধে  সিলিকা বালু লুট
×

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে বড়ছড়া থেকে সিলিকা বালু তুলছেন দুই ব্যক্তি সমকাল

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 

প্রকাশ: ২২ মে ২০২৬ | ০৯:২০

| প্রিন্ট সংস্করণ

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে বড়ছড়া থেকে সরকারিভাবে ইজারা বন্ধ থাকার পরও স্থানীয় একটি সিন্ডিকেট চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে। এদিকে পরিবেশ বিপর্যয় রক্ষায় বালু উত্তোলন বন্ধে আগামী রোববার বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন এলাকাবাসী। 
তাদের অভিযোগ, আগে আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে অবাধে বালু উত্তোলন করে বিক্রি করত। অবাধে বালু তোলার ফলে বিশেষ করে সিলেট-ঢাকা রেললাইন ও সিলেট-ব্রাহ্মণবাজার সড়কের ওপর নির্মিত সেতু যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, বরমচাল ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রানু বেগমের ছেলে রাজিব উদ্দিনের নেতৃত্বে শক্ত একটি সিন্ডিকেট 
চক্র বড়ছড়া থেকে রাতের বেলা বালু তুলে 

বিক্রি করছে। এই বালু বিক্রির টাকার ভাগ দেওয়া হয় স্থানীয় পুলিশ, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের। 
অভিযোগ অস্বীকার করে রাজিব উদ্দিন বলেন, তিনি বালু উত্তোলনের সঙ্গে জড়িত নই। এলাকার একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। তবে এটা ঠিক, স্থানীয় অনেক লোক তাদের বসতবাড়ি নির্মাণের প্রয়োজনে বালু তুলছেন। 
বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট বলেন, অতীতে এই বড়ছড়া থেকে একাধিকবার বালু জব্দ করিয়েছি কিন্তু পরে জব্দকৃত বালুও লুট হয়ে যায়। বর্তমানে একটি চক্র রাতে বড়ছড়া থেকে অবাধে বালু উত্তোলন করছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুল ইসলাম বলেন, বড়ছড়া থেকে বালু উত্তোলনের বিষয়টি স্থানীয় লোকজন আমাদের জানিয়েছেন। খুব শিগগিরই অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে বড়ছড়ার বালু ইজারা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।  
 

আরও পড়ুন

×