চকরিয়ায় ‘মাদকাসক্ত’ ছেলের হাতে বাবা খুন
ফাইল ছবি
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৬ | ১৬:১৭
কক্সবাজারের চকরিয়া পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজের পরপর এ ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, অভিযুক্ত মোহাম্মদ মিনার (২৮) একজন মাদকাসক্ত ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা খলিলুর রহমান (৭৫) জুমার নামাজ শেষে বাড়িতে যাওয়ার পথে ছেলে মোহাম্মদ মিনার তার পা-হারা প্রতিবন্ধী পিতাকে কুপিয়ে তার হাত বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়া, শরীরের একাধিক স্থানে জখম হয় খলিলুর রহমানের।
পরে স্থানীয় লোকজন নিহত খলিলকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা বলেছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর পালাতে চেষ্টা করলেও এলাকার লোকজন অভিযুক্ত ছেলেকে আটক করে থানায় সোপর্দ করেছে।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন সমকালকে জানান, মাদকাসক্ত মোহাম্মদ মিনারের পরিবারের অপর ভাইয়েরা পৃথকভাবে বসবাস করেন।
পরিবার সূত্রে জানা গেছে, বাবা খলিলুর রহমান মাদকাসক্ত সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় পরিবারের সদস্যদের অত্যাচার করার অভিযোগ দায়ের করেন। পরে সে অভিযোগের ভিত্তিতে কয়েক মাস কারাভোগ করেন মিনার। জামিনে মুক্তি পেয়ে আজ শুক্রবার নামাজ শেষে বাড়িতে আসার পথে বাবাকে আক্রমণ করেন তিনি।
চকরিয়া থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছে। ওসি জানিয়েছেন, এ ঘটনায় হত্যার অভিযোগে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।
