ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গণপিটুনিতে মৃত্যু

হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
×

সংগৃহীত

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬ | ২০:১৭ | আপডেট: ২২ মে ২০২৬ | ২০:৪৯

ঝালকাঠির কাঁঠালিয়ায় ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত রাজ্জাক বয়াতি হত্যা মামলার প্রধান আসামি হায়দার আলী মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হায়দার আলী মুন্সি (৫৫) বাঁশবুনিয়া গ্রামের সেকেন্দার আলী মুন্সির ছেলে। এর আগে গত বুধবার দিবাগত রাতে ট্রান্সফরমার চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত হন রাজ্জাক বয়াতি। এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের ছোট বোন শিরিন বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, রাজ্জাক বয়াতি ট্রাক্টরের যন্ত্রাংশ খুলে নেওয়ার পর পাশের পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার খুলতে গেলে স্থানীয় লোকজন টের পেয়ে ধাওয়া দেয়। অন্যরা পালিয়ে গেলেও রাজ্জাক ধরা পড়েন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে গুরুতর আহত করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলায় আরও বলা হয়, গণপিটুনির নেতৃত্ব দেন হায়দার আলী মুন্সি ও তাঁর সহযোগীরা।

কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের আটকে অভিযান চলছে।

আরও পড়ুন

×