মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ব্র্যাক ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর মৃত্যু
জৈন্তাপুর ও কালিগঞ্জে পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
সিলেট ব্যুরো, মুন্সীগঞ্জ ও সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৬ | ২৩:২৯
মুন্সীগঞ্জ শহরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ব্র্যাক ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ছাড়া সিলেটের জৈন্তাপুরে খালে ডুবে দুই শিশু এবং সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মুন্সীগঞ্জে নিহতরা হলেন– পশ্চিম দেওভোগ এলাকার প্রয়াত মোস্তাকুর রহমানের ছেলে মো. সোপান (২৪) ও রাজধানীর মিরপুরের মো. রিপনের ছেলে মো. আজওয়াদ (২২)। তারা উভয়েই ব্র্যাক ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ জেলা শাখার সভাপতি নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী জানান, শুক্রবার দুপুরে ঢাকা থেকে ব্র্যাক ইউনিভার্সিটির ১৩ জন শিক্ষার্থী সোপানের গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। বিকেল ৪টার দিকে তারা ভবনের ছাদে আড্ডা দেওয়ার সময় সোপান ও আজওয়াদ বাড়ির পুকুরে গোসল করতে যান।
একপর্যায়ে সাঁতার না জানা আজওয়াদ পুকুরের ঘাটলা থেকে পা পিছলে গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন। তাঁকে বাঁচাতে সোপান এগিয়ে গেলে দুজনেই পানিতে ডুবে যান। সহপাঠীরা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জৈন্তাপুরে খালে ডুবে দুই ভাইবোনের মৃত্যু
সিলেটের জৈন্তাপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখাঁ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো– ওই গ্রামের মুন্না (৭) ও মাঈশা বেগম রাফা (৬)। তারা সম্পর্কে একে অপরের চাচাতো ভাইবোন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে চাচার সঙ্গে বাড়ির পাশে মাঠে গরু চরাতে গিয়েছিল মুন্না ও রাফা। সেখানে খেলার ছলে একপর্যায়ে তারা সবার অজান্তে খালের পানিতে তলিয়ে যায়। পরে দীর্ঘ খোঁজাখুঁজি করে খালের পানি থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।
ফতেহপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একসঙ্গে দুই শিশুর এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি পুলিশকে জানানো হচ্ছে।
কালিগঞ্জে মায়ের সঙ্গে গোসলে নেমে শিশুর মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে মায়ের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জান্নাতুন নেছা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার নলতা ইউনিয়নের ঘোনা গ্রামে এই ঘটনা ঘটে। জান্নাতুন ওই গ্রামের শেখ সাদিকুর রহমানের মেয়ে।
নিহতের পরিবার জানায়, দুপুরে জান্নাতুল তার মায়ের সঙ্গে বাড়ির পুকুরে গোসল করতে নেমে অসাবধানতাবশত গভীর পানিতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
