ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রশাসনে তথ্য দিয়েছেন– সন্দেহে শ্রমিক দল নেতার খননযন্ত্রে অগ্নিসংযোগ

প্রশাসনে তথ্য দিয়েছেন– সন্দেহে শ্রমিক দল নেতার খননযন্ত্রে অগ্নিসংযোগ
×

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মানদীর কোল ঘেঁষে চর মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদে পাশে ক্ষতিগ্রস্ত এক্সকাভেটরটি। সোমবার দুপুরে তোলা। ছবি: সমকাল

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১৬:৩৭ | আপডেট: ২৫ মে ২০২৬ | ১৭:৩৮

প্রশাসনের অভিযানে তথ্য দিয়েছেন, এমন সন্দেহে কুষ্টিয়ার কুমারখালীতে এক শ্রমিক দল নেতার এক্সকাভেটরে (খননযন্ত্র) আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এতে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মণ্ডলের (৪৯) প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে তিনি সোমবার দুপুরে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

এদিন দুপুরে সরেজমিনে দেখা যায়, পদ্মানদীর কোল ঘেঁষে চর মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ। মসজিদটির পাশেই রাখা রয়েছে প্রায় ৩০ লাখ টাকা দামের একটি এক্সকাভেটর। যন্ত্রটির ওপরের দিকের অংশে আগুনে পোড়ার চিহ্ন। 

মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা আইয়ুব আলী মণ্ডলের ভাষ্য, চর মহেন্দ্রপুর গ্রামের শরিফুল খান (৩৫) ও মাসুদ শেখ (৩০) দীর্ঘদিন ধরে চর এলাকা থেকে অবৈধভাবে মাটি ও বালু তুলছেন। গত রোববার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। এ সময় দুই লাখ টাকা জরিমানা করে দুজনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। 

তিনি বলেন, শরিফুল ও মাসুদের ধারণা প্রশাসনের কাছে তিনিই (আইয়ুব) তথ্য দিয়েছেন। সেই সন্দেহ থেকে গভীর রাতে শরিফুল, মাসুদ ও তাঁদের লোকজন এক্সকাভেটরে আগুন লাগিয়েছে। এতে তাঁর মেশিনের প্রায় সাড়ে তিন লাখ টাকার যন্ত্রাংশের ক্ষতি হয়েছে। বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

আইয়ুবের ছেলে অন্তু মণ্ডল বলেন, তারা রোববার রাত তিনটার দিকে এক্সকাভেটরে আগুন লাগার খবর পান। পরে ছুটে এসে এলাকাবাসীর সহায়তায় পানি ঢেলে আগুন নেভানো হয়। আগুনে যন্ত্রটির ব্যাটারি, ইঞ্জিন, কাভার, পাম্ম মেশিনসহ বিভিন্ন যন্ত্র পুড়ে গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, ‘দুপুরে (রোববার) প্রশাসনের অভিযান দেখলাম। রাতে আগুন দেখা গেলো। কারা কী করছে, তা জানা নেই।’ মন্তব্য জানতে শরিফুল ও মাসুদের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দিয়েও সংযোগ মেলেনি। 

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, এক্সকাভেটর পোড়ানোর ঘটনায় তারা লিখিত অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার চর মহেন্দ্রপুর এলাকায় অভিযানে যান তারা। সেখানে অবৈধভাবে মাটি ও বালু কাটার অপরাধে একজনকে দুই লাখ জরিমানা ও দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অভিযানের সঙ্গে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তির কোনো সম্পৃক্ততা নেই।

আরও পড়ুন

×