ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মঙ্গলবার রাতের দৃশ্য।
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৬ | ২২:৫৭
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও বড় ধরনের যানজট নেই। মঙ্গলবার ভোরে যমুনা সেতুর ওপর কয়েকটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
অতিরিক্ত যানবাহনের চাপের কারণে বিকেল পর্যন্ত ধীরগতিতে গাড়ি চলাচল করলেও বিকেলের পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে যানবাহনের চাপ থাকলেও গাড়ি স্বাভাবিক গতিতেই চলাচল করছে।
পুলিশ ও সেতু কর্তৃপক্ষ জানায়, ঝড়বৃষ্টি ও ঈদযাত্রাকে কেন্দ্র করে গত রাত থেকেই সড়কে গাড়ির দীর্ঘ সারি ছিল। এর মধ্যেই যমুনা সেতুর ওপর কয়েকটি গাড়ি বিকল হওয়া ও সড়ক দুর্ঘটনার কারণে যান চলাচলে ধীরগতি দেখা দেয়।
পুলিশ আরও জানায়, গাজীপুরের চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ বাড়ছে, যার প্রভাব রাতভর যমুনা সেতু এলাকায় পড়তে পারে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘বর্তমানে যানজট নেই, তবে যানবাহনের চাপ রয়েছে। সেতুর দুই প্রান্তে ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে, যার মধ্যে মোটরসাইকেলের জন্য দুটি বুথ রাখা হয়েছে।’
টাঙ্গাইলের ট্রাফিক পরির্দশক কাউসার হোসেন বলেন, ‘অতিরিক্ত গাড়ির চাপ, সেতুর উপর দুর্ঘটনা, এছাড়াও বৃষ্টির কারণে যানবাহনের চলাচল ধীরগতি হয়েছিল। বিকেলের পর থেকে স্বাভাবিক গতিতে যানবাহন চলছে। যানজট নিরসনে জেলা পুলিশের পক্ষ থেকে মহাসড়ককে চারটি সেক্টরে ভাগ করে পুলিশ দায়িত্ব পালন করছে। ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।’
- বিষয় :
- যানজট
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
