জিয়াউর রহমান দেশের গণতান্ত্রিক চর্চা পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন: এমপি ফয়সল
ছবি: সমকাল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৬ | ২১:০৯
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের চর্চা পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করেছিলেন। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার আহ্বানে জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীনতা অর্জনের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
শনিবার বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মো. ফয়সল বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে জিয়াউর রহমান দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে বহু গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছিলেন। খাল খনন, পল্লী উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান আজও স্মরণীয় হয়ে আছে।’
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন রনির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
- বিষয় :
- জিয়াউর রহমান
- স্বাধীনতা
