ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির বিবৃতি

বাধার মুখে স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনীর তারিখ শিগগির

বাধার মুখে স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনীর তারিখ শিগগির
×

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ২১:৫৯ | আপডেট: ৩১ মে ২০২৬ | ২২:১২

বাধার মুখে স্থগিত হওয়া ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনীর নতুন তারিখ শিগগির ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সঙ্গে আলোচনার পর শনিবারের নির্ধারিত প্রদর্শনী পেছানোর সিদ্ধান্ত হলেও আয়োজন বাতিল হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে প্রদর্শনীকে কেন্দ্র করে আপত্তি এবং 'কওমী ছাত্র ঐক্য পরিষদ' কর্মসূচি ঘোষণার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে আয়োজকরা প্রদর্শনী স্থগিত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রদর্শনী পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই নতুন তারিখ ঘোষণা করে চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে। সংগঠনের সদস্য তওজা খন্দকার বলেন, আমরা চাই সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রদর্শনী অনুষ্ঠিত হোক। স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা হয়েছে। সবার সঙ্গে কথা বলে পরবর্তী সময়ে প্রদর্শনীর আয়োজন করা হবে।

তবে প্রদর্শনীর অনুমতি নিয়ে আয়োজক ও বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি দাবি করে, বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করে অনুমতি নেওয়া হয়েছিল। আর অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, রিইউনিয়ন ও আলোচনা সভার কথা জানানো হলেও চলচ্চিত্র প্রদর্শনের বিষয়ে তাকে অবহিত করা হয়নি এবং এ ধরনের কোনো অনুমতি তিনি দেননি।

ব্রাহ্মণবাড়িয়া ফিল্মা সোসাইটির উপদেষ্টা মোহাইমিনুল আজবীন বলেন, সংগঠনের সাধারণ সম্পাদক বখতিয়ার শাহরিয়ারসহ তিনজন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে লিখিত আবেদন জমা দেন অনুমতির জন্য। প্রধান শিক্ষক আবেদন ফাইলে রেখেছেন এবং অনুমতিও দিয়েছেন।

আয়োজকরা আরও দাবি করেন, ‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ শিরোনামে গতবছর ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি শহরে আটটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। সংগঠনটির সদস্যরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

এদিকে চলচ্চিত্র প্রদর্শনী নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলে। জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রদর্শনীর বিরোধিতা করা হয়। শুক্রবার সংগঠনটির এক সভায় প্রদর্শনী প্রতিহতের সিদ্ধান্ত এবং সতর্কতামূলক অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কওমী ছাত্র ঐক্য উপদেষ্টা ও জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলান আলী আযম কাসেমী।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ফিল্ম সোসাইটির প্রতিনিধিরা দেখা করেছেন। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে পরে চলচ্চিত্রটি প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

×