ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওসির বিরুদ্ধে ভুক্তভোগী কিশোরীর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ

ওসির বিরুদ্ধে ভুক্তভোগী কিশোরীর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ
×

ফাইল ছবি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ২২:২৫ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ২৩:০২

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে ধর্ষণের শিকার এক কিশোরীর ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ‘চকরিয়া পুলিশ স্টেশন’ নামে পেইজ থেকে সোমবার রাতে ছবিটি পোস্ট হয়। পরে সমালোচনার মুখে পেইজটি নিষ্ক্রিয় করা হয়। 

স্থানীয়দের জানান, উপজেলার এক যুবকের সঙ্গে জেলার ঈদগাঁও উপজেলার এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সূত্রে মেয়েটি ওই যুবকের বাড়িতে চলে আসে।

তবে কিশোরীর বাবার অভিযোগ, তার মেয়েকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় তিনি চকরিয়া থানায় মামলা করেন। পুলিশ ৩০ মে মেয়েটিকে উদ্ধার করে এবং ওই যুবককে আটকের পর ছেড়ে দেয়। তবে অভিযানের সময়ের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনা শুরু হলে চকরিয়া থানার এসআই মোহাম্মদ আরকানুল ইসলামকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

পুলিশের ভাষ্য, কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় এর সত্যতা মিলেছে।

ভুক্তভোগী কিশোরীকে থানায় নেওয়ার পর ওসি মনির হোসেনের কক্ষে নেওয়া হয়। অভিযোগ উঠেছে, সেখানে মেয়েটির ছবি তোলেন ওসি। সোমবার রাতে সেই ছবি ‘চকরিয়া পুলিশ স্টেশন’ নামে পেইজে পোস্ট করা হয়। সেই সঙ্গে দীর্ঘ স্ট্যাটাস জুড়ে দেন ওসি। পরে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে পেইজটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়।

এ বিষয়ে ওসি মনির হোসেন বলেন, ‘ভিকটিমের ছবি থানার পেইজের মাধ্যমে প্রচার করাটা ভুল হয়েছে।’

এ ঘটনায় ওসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম জুলফিকর আলী স্বরাষ্ট্র সচিব, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), ডিআইজি চট্টগ্রাম ও কক্সবাজারের পুলিশ সুপারকে উকিল নোটিশ পাঠিয়েছেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, ‘ভুক্তভোগীর ছবি বা পরিচয়-ঠিকানা কোনোভাবেই প্রচার করা যায় না। এটি আইন পরিপন্থি ও অত্যন্ত সংবেদনশীল বিষয়। থানার ফেসবুক পেইজে ভুক্তভোগীর ছবি দিয়ে ঠিক করেননি ওসি।’

আরও পড়ুন

×