ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সেন্টমার্টিনে জালে আটকা ১৫ ফুটের অজগর

সেন্টমার্টিনে জালে আটকা ১৫ ফুটের অজগর
×

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে শুক্রবার সকালে আটকা পড়া অজগর। ছবি: সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ২১:৪৭

কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবালদ্বীপ সেন্টমার্টিনে মরিচ ক্ষেতের জালে ধরা পড়েছে প্রায় ১৫ ফুট দীর্ঘের একটি অজগর। শুক্রবার সকাল ৮টার দিকে সেন্টমার্টিন ইউনিয়নের দক্ষিণের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় আটকা পড়ে অজগরটি।

ওই এলাকার বাসিন্দা মুসা আলীর বাড়ির আঙিনায় থাকা মরিচ ক্ষেতের জালে সাপটি আটকা পড়ে। তিনি বলেন, সাপটির প্রায় ১৫ ফুট দীর্ঘ। এটির ওজন ২০-২৫ কেজির মতো। তাঁর ধারণা, সাপটির বয়স আনুমানিক ৩ থেকে ৫ বছর। মুসা আলী বলেন, কিছুদিন ধরে স্থানীয় কেয়া বাগান ও আশপাশের ঝোপে অজগরটিকে চলাফেরা করতে দেখেছেন। গতকাল সকালে তাঁর মরিচ ক্ষেতের জালে সাপটি আটকা পড়ে।

অজগরটির দ্বীপে কীভাবে এসেছে, এ নিয়ে এলাকাবাসী নানা মত দিচ্ছেন। তৈয়ব উল্লাহ নামের একজন বলেন, বর্ষা মৌসুমে মিয়ানমারের পাহাড়ি এলাকা থেকে সাগরের স্রোতে ভেসে আসা গাছ বা বাঁশঝাড়ের সঙ্গে সাপটি দ্বীপে এসেছে বলে তাঁর ধারণা।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ক্ষেতে আটকা পড়া বিশাল অজগরটি উদ্ধার করা হয়েছে। সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

এই দ্বীপের পরিবেশ সংরক্ষণের দায়িত্বে থাকা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এম এ সোহাগের ভাষ্য, সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে আসার পর অজগরটি হস্তান্তর করা হবে। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে নিরাপদ স্থানে সাপটিকে অবমুক্ত করা বা সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×