বগুড়ায় নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
নিহত তীর্থ সাহা
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১৯:০৭
বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র তীর্থ সাহার (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর শনিবার সকাল ৭টার দিকে উপজেলার আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
নিহত তীর্থ সাহা সোনাতলা নতুন বন্দর এলাকার দীপক সাহার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তীর্থ সাহা পরিবারের সদস্যদের সঙ্গে উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়াঘাট এলাকায় বাঙালি নদীতে গোসল করতে নামে। তার সঙ্গে মা তৃষা সাহা, বোন মেঘা সাহা, চাচি লক্ষ্মী কর্মকার, চাচাতো ভাই বিশাল সাহা ও চাচাতো বোন ভূমি সাহাসহ কয়েকজন ছিলেন। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তীর্থ ভেসে গিয়ে নিখোঁজ হয়।
খবর পেয়ে সোনাতলা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। তবে সন্ধ্যা নেমে আসায় শুক্রবার রাতের জন্য উদ্ধার কাজ স্থগিত করা হয়। শনিবার ভোরে পুনরায় অভিযান শুরু করলে সকাল ৭টার দিকে আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তীর্থের মরদেহ উদ্ধার করা হয়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
- বিষয় :
- নিহত
- পানিতে ডুবে মৃত্যু
