ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল
×

ভিডিও থেকে নেওয়া

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ০১:২১

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শনিবার বিকেলে শরীয়তপুর পৌরসভার প্রেমতলা এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়কে এ মিছিল বের হয়। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, দলীয় ব্যানার ও জাতীয় পতাকা হাতে কয়েকজন ব্যক্তি সড়ক ধরে মিছিল করছেন। মিছিলের সামনে জাতীয় পতাকা বহন করতে দেখা যায় এক জনকে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় শরীয়তপুর সদরের পালং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম শেখকে। মিছিল চলাকালে ইউপি সদস্য সেলিম শেখ তাঁর ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করেন বলেও জানা যায়।

ঝটিকা মিছিলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং দলের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং শরীয়তপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামেও স্লোগান দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় দফায় দফায় মিছিল ও কর্মসূচি দেখা গেছে। এর আগে গত সোমবার (১ জুন) জেলা শহরের প্রধান সড়কে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মিছিল করেন। এছাড়া শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শরীয়তপুরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনাও ঘটে।

শরীয়তপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, নিষিদ্ধ কোনো সংগঠন শরীয়তপুরে মিছিল করেছে এ ধরনের তথ্য আমাদের কাছে নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×