বিরামপুরে অভিযানে নারীসহ ১৬ মাদক কারবারি আটক
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ২১:০১ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ২১:০৩
দিনাজপুরের বিরামপুরে মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ১৬ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে রেজিস্ট্রেশনবিহীন ১৬টি মোটরসাইকেল জব্দ করে মামলা দেওয়া হয়।
শনিবার দিবাগত রাতে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন এবং বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় দুই নারীসহ পাঁচ মাদক কারবারিকে মাদকদ্রব্যসহ আটক করা হয়।
আটকরা হলেন— নার্গিছ বানু, নূর বানু, রায়হান কবির, এআর আরাফাত ও রাসেল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী বিরামপুর উপজেলায় মাদকের বিস্তার রোধে গত ১ জুন থেকে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, গাঁজা ও নারীসহ ১৬ জন মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে সড়ক ও মহাসড়কে অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনবিহীন ১৬টি মোটরসাইকেল জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, ‘সীমান্তবর্তী বিরামপুর উপজেলাকে মাদকমুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।’
