ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

দুই কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, হত্যার হুমকি

চট্টগ্রামের চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ

দুই কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, হত্যার হুমকি
×

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ০৮:২৩

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের চন্দনাইশে পাহাড়ি অঞ্চলের জমিতে কাজ করার সময় দুই কৃষককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে কাঞ্চননগর এলাকায় এই ঘটনা ঘটে। দুজনের সঙ্গে ধরে নেওয়া অপর এক কৃষককে মারধর করে ফেলে যায় অপহরণকারীরা। তাঁর অভিযোগ, হামলাকারীরা পাহাড়ি সন্ত্রাসী। ইতোমধ্যে অপহরণকারীরা দুই কৃষকের জন্য মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেছে বলে স্বজনরা জানিয়েছেন। 

অপহৃত দুই কৃষক হলেন– কাঞ্চননগর গ্রামের মোহাম্মদ ইদুর ছেলে মোহাম্মদ শাহজাহান (৪০), পশ্চিম এলাহাবাদ গ্রামের মকছুদ আলীর ছেলে আজগর আলী (৪০)। অপহরণকারীদের কবল থেকে ফিরে এসেছেন নুরুল আলম (৪৫)।

স্থানীয় সূত্রগুলো জানায়, কাঞ্চননগরে পাহাড়ি অঞ্চলের জমিতে প্রতিদিনের মতো গতকাল সকালে কৃষকরা কাজ করতে যান। একদল পাহাড়ি সন্ত্রাসী শাহজাহান, আজগর ও নুরুল আলমকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে কয়েকশ গ্রামবাসী তাদের খোঁজে পাহাড়ি এলাকায় তল্লাশি শুরু করেন। এ সময় সন্ত্রাসীরা পিছু হটতে হটতে দুজনকে নিয়ে গহিন পাহাড়ে চলে যায়। অন্যজনকে ফেলে যায় তারা। 

আহত নুরুল আলম লোকালয়ে এসে জানান, পাহাড়ি সন্ত্রাসীরা তাদের উঁচু পাহাড়ে তোলে। এ সময় তাঁর গলায় ফাঁস লাগিয়ে লাথি দিয়ে ফেলে দেয়। সেখান থেকে তুলে হাত-পা বেঁধে ফেলে মুক্তিপণ দাবি করে মারধর শুরু করে। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বেশ কিছুক্ষণ পর চেতনা ফিরলে দেখেন, সন্ত্রাসীরা সেখানে নেই। প্রায় এক ঘণ্টা হেঁটে পাহাড় থেকে লোকালয়ে আসেন।
অপহৃত দুই কৃষকের স্বজনরা জানিয়েছেন, শাহজাহান ও আজগরের মোবাইল ফোন থেকে অপহরণকারীরা কল দিয়ে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেছে। টাকা না দিলে দুজনকেই হত্যা করার হুমকি দিয়েছে তারা। 
চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লিটন মিয়ার ভাষ্য, সংশ্লিষ্ট বিট অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে। 

আরও পড়ুন

×