ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

পিরোজপুর

অতিরিক্ত আলু বোঝাই ট্রাকের চাপে বেইলি ব্রিজ ধস, ১৫ রুটে যান চলাচল বন্ধ

অতিরিক্ত আলু বোঝাই ট্রাকের চাপে বেইলি ব্রিজ ধস, ১৫ রুটে যান চলাচল বন্ধ
×

একটি আলুবোঝাই ট্রাক ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গে সেটি ধসে পড়ে। ছবি: সমকাল

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ১৬:৩৬ | আপডেট: ১০ জুন ২০২৬ | ১৬:৪৬

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিয়নের দেবীপুর এলাকায় নদীর ওপর নির্মিত একটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে পড়েছে। এতে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কসহ অন্তত ১৫টি রুটে দূরপাল্লার বাস ও মালবাহী ট্রাকসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার ভোর প্রায় ৩টার দিকে অতিরিক্ত আলুবোঝাই একটি ট্রাক ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গে এটি ধসে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের নতুন একটি সেতুর নির্মাণকাজ চলমান থাকলেও পুরোনো বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। অতিরিক্ত ওজন নিয়ে ট্রাক পার হওয়ার সময় সেটি ভেঙে নদীতে পড়ে যায়।

ব্রিজটি ধসে পড়ার পর মঠবাড়িয়া-ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, কুষ্টিয়া, খুলনা ও বরিশালসহ অন্তত ১৫টি রুটে চলাচলকারী দূরপাল্লার বাস বন্ধ হয়ে গেছে। এতে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন। বিকল্প সড়ক না থাকায় এ রুটটি স্থানীয় ও আন্তঃজেলার যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। প্রতিদিন শত শত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ ও অন্যান্য যানবাহন এই সড়ক ব্যবহার করত।

স্থানীয় বাসিন্দা ও কলেজ ছাত্র ইমরান বাবু বলেন, ব্রিজটি ভেঙে পড়ায় যাত্রীরা বাধ্য হয়ে যানবাহন থেকে নেমে হেঁটে নদী পার হচ্ছেন। জরুরি রোগী পরিবহন ও মালামাল পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার জানান, ব্রিজটির ধারণক্ষমতা ছিল ২০ মেট্রিক টন। তবে আলুবোঝাই ট্রাকের অতিরিক্ত লোডের কারণে এটি ধসে পড়ে। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

আরও পড়ুন

×