ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

২৪ ঘণ্টা পর মেঘনা নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

২৪ ঘণ্টা পর মেঘনা নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ১০:৩৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর মেঘনা নদী থেকে হাসান (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে মেঘনা নদীর আশুগঞ্জ প্রান্তে নির্মাণাধীন কার্গো টার্মিনাল এলাকার কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসান জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মিয়াপাড়া গ্রামের মৃত তানবীর মিয়ার ছেলে। বাবার মৃত্যুর পর সে মা মিতু বেগম ও নানা মো. রবিন মিয়ার সঙ্গে আশুগঞ্জ হাসপাতাল রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করত। পরিবারের সদস্যরা দিনমজুর হিসেবে কাজ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পানি নিষ্কাশন চ্যানেলে গোসল করতে নামে হাসান। একপর্যায়ে স্রোতের টানে সে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে শিশুটির সন্ধান না পাওয়ায় পরিবারের সম্মতিতে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

শুক্রবার সকালে স্থানীয় লোকজন নির্মাণাধীন কার্গো টার্মিনালের পাশে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ভৈরব নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, বৃহস্পতিবার দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। পরে পরিবারের সম্মতিতে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।

আশুগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সকালে স্থানীয় লোকজন ও স্বজনদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের মতামত ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
 

আরও পড়ুন

×