ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ঈশ্বরদীতে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার

ঈশ্বরদীতে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ০২:১০

পাবনার ঈশ্বরদীতে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুটির খালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মো. রানা হোসেন (৪০) ঈশ্বরদী শহরের বাসিন্দা মো. বাবর আলীর ছেলে। গতকাল শুক্রবার অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শিশুটির মায়ের অভিযোগ থেকে জানা গেছে, শিশুটির মা প্রতিদিনের মতো কাজে যাওয়ার সময় তার তিন বছরের শিশুকন্যাকে বোনের বাড়িতে রেখে যান। দুপুরে বৃষ্টির সময় শিশুটি তার খালার ঘরেই ঘুমাচ্ছিল। এ সময় শিশুটির খালু রানা ওই শিশুকে ধর্ষণ করে। গোসলখানা থেকে শিশুটির চিৎকারে তার খালা এসে তার স্বামীকে এই অবস্থায় দেখে ৯৯৯ নম্বরে কল করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ আসার আগেই রানা পালিয়ে গেলেও পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম বলেন, ৯৯৯ থেকে কল পাওয়ার পরপরই আমরা অভিযান চালাই। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে সাঁড়াশি অভিযান চালানো হয়। একপর্যায়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এদিকে শিশুকন্যাকে ধর্ষণের খবর পেয়ে শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সন্তানকে প্রতিদিন আমার বোনের বাড়িতে রেখে কাজে যাই। আপন বোনের স্বামী এ ধরনের অপরাধ করেছে জেনে আমি বিস্মিত হয়েছি। সে আমার আপন দুলাভাই হলেও আমি আমার মেয়ের ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

আরও পড়ুন

×