ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

নিখোঁজের একদিন পর লাকসাম থেকে উদ্ধার শিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজের একদিন পর লাকসাম থেকে উদ্ধার শিবিরের কেন্দ্রীয় নেতা
×

জিসান আহমেদ প্রধান

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ০২:১৮

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধার হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদ প্রধান। তিনি দাউদকান্দি উপজেলার বাসিন্দা। জিসান শিবিরের কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি।

শুক্রবার রাত ১০টার দিকে তাকে রেলওয়ে জংশনে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাকী। তিনি বলেন, জিসানের নিখোঁজ হওয়া এবং উদ্ধারের পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তাকে উদ্ধারের পর প্রথমে লাকসাম এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসির ভাষ্য, নিখোঁজ হওয়ার বিষয়ে দাউদকান্দি মডেল থানায় অভিযোগ করেছে জিসানের পরিবার। তাই দাউদকান্দি পুলিশ এ বিষয়ে তদন্ত করবে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত জিসান বলেন, আমি বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর দাউদকান্দি মডেল মসজিদের সামনের সড়কের পাশে দাঁড়িয়ে ছিলাম। এ সময় একটি গাড়ি আমার সামনে এসে থামে এবং কয়েকজন আমাকে টান দিয়ে গাড়ির ভেতরে ঢুকিয়ে নেয়। এরপর থেকে আমি আর কিছু বলতে পারছি না বা মনে করতে পারছি না। 

এদিকে জিসান প্রধানের মুক্তির দাবিতে শুক্রবার বিকেলে দাউদকান্দি মডেল মসজিদ হতে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পৌর বাজার বড় মসজিদের সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা শিবিরের সভাপতি শাকিল আদনানসহ দলীয় নেতৃবৃন্দ।

এর আগে গত বৃহস্পতিবার রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে জিসানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ৮টার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না মেলায় শুক্রবার সকালে দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।

রাতে পৌনে ২টার দিকে দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) সামছুল আলম প্রধান বলেন, উদ্ধারের পর জিসান হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কয়েকটি সিসিটিভি ক্যামেরায় একটি গাড়ি শনাক্ত করা হয়েছে। বিস্তারিত শনিবার সংবাদ সম্মেলনে জানানো হবে। 

আরও পড়ুন

×