যে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে না: প্রধানমন্ত্রী
কক্সবাজারে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ১২:৫৮ | আপডেট: ১৩ জুন ২০২৬ | ১২:৫৯
বিরোধীদলের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধী দল বলছে, এই বাজেট তারা মানে না। যে বাজেটে ট্যাক্স কমানো হয়, মদ ও সিগারেটের দাম বাড়ানো হয়, সে বাজেটও বিরোধীদল মানে না। এ থেকে বোঝা যায়, দেশে অস্থিতিশীলতা তৈরি করাই তাদের লক্ষ্য।
শনিবার কক্সবাজার সদরে বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেছেন, বাজেটে প্রতিটি ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সবকিছুর লক্ষ্য একটিই, জনগণের সেবা। দেশের মালিক জনগণ। দেশের মালিক কোনো পরিবার বা কোনো দল নয়। জনগণের কাছে প্রশ্ন, যেই বাজেটে জনগণের স্বস্তি আনার ব্যবস্থা করা হয়, যারা এর বিরোধিতা করে তারা কি জনগণের বন্ধু হতে পারে।
তিনি আরও বলেন, প্রতিটি বাজেটের পরই জিনিসের দাম বাড়ে। কিন্তু বর্তমান সরকারের বাজেট দেয়ার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি।
তারেক রহমান বলেন, অতীতের মতো এখন বিএনপি চেষ্টা করছে দেশ গঠনের। কিন্তু চক্রান্তকারীরা ষড়যন্ত্র করে অগ্রগতি আটকে দিয়েছিল। ভোটে জনগণ বিএনপিকে যে সমর্থন দিয়েছে, যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ দেশের উন্নয়নে কাজ করবে। কারণ দেশই বিএনপির প্রথম ও শেষ ঠিকানা। ভোটের দাগ শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছে সরকার।
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- তারেক রহমান
- বিরোধী দল
- বাজেট
