ভিডিও ভাইরাল
‘যে ওসি এমপিকে আইন শেখায়, সে ওসি আমার দরকার নেই’
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ০৩:৩৮
কুমিল্লার লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামানকে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘যে ওসি এমপিকে আইন শেখায়, সে ওসি আমার দরকার নেই।’
শনিবার রাতে লালমাই উপজেলা হলরুমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দেওয়া তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, একটি ঘটনার বর্ণনা দিতে গিয়ে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ওসির একটি আইনি ব্যাখ্যার সমালোচনা করেন। তিনি বলেন, কাউকে ‘ভুয়া’ বলার অভিযোগে মামলা করার বিষয়ে ওসির সঙ্গে তার আলোচনা হয়েছিল। সে সময় ওসি তাকে বলেছিলেন, বিষয়টি আইনের আওতায় পড়ে না।
এ প্রসঙ্গে এমপি বলেন, ‘এর পর থেকে লালমাই ওসিকে আমি লাল কার্ড দিয়ে দিয়েছি। তার সঙ্গে আর কথা বলি না। যে ওসি এমপিকে আইন শেখায়, সে ওসি আমার দরকার নেই।’
মোবাশ্বের আলম আরও বলেন, ‘নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়ানো নিয়ে তিনজন খুন হয়েছে। ভুয়া বলা নিয়ে খুনাখুনি হতে পারে না? ওসি আমাকে বলেছেন, এটা নাকি আইনে কাভার করে না।’
তিনি দাবি করেন, বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অবহিত করেছেন। তার ভাষ্য, ‘আইনে যদি কাভার না করে, তাহলে সংসদে গিয়ে এমপিরাই আইন বানাবে।’
সভায় এমপি আরও অভিযোগ করেন, ওসি নুরুজ্জামান লালমাই থানায় যোগদানের পর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেননি।
এ বিষয়ে জানতে চাইলে লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে, একজন সংসদ সদস্যের প্রকাশ্য এ বক্তব্য স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভাইরাল হওয়া বক্তব্য সম্পর্কে জানতে চাইলে এমপি মোবাশ্বের আলম সাংবাদিকদের বলেন, ‘আমি যা বলেছি, প্রকাশ্যেই বলেছি। গোপন কিছু বলিনি। আমার অভিযোগ সত্য।’
- বিষয় :
- ওসি
- ভিডিও ভাইরাল
- এমপি
