ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার

১৬ বছর বঞ্চিত জেলাবাসীর দাবির তালিকা দীর্ঘ

১৬ বছর বঞ্চিত জেলাবাসীর দাবির তালিকা দীর্ঘ
×

প্রধানমন্ত্রী তারেক রহমান

 নূরুল ইসলাম, মৌলভীবাজার

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১০:৩২

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজারে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফলে জেলাজুড়ে বিএনপিসহ সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এ ছাড়া জেলার উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে একাধিক দাবি উত্থাপন ও বাস্তবায়নের প্রত্যাশায় রয়েছেন জেলার লাখো মানুষ।

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন সমকালকে বলেন, বিগত ১৬ বছর ধরে মৌলভীবাজারের মানুষের মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, রাজনগরের খেয়াঘাটে কুশিয়ারা নদীতে সেতু নির্মাণসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়ন হয়নি। প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারায় জেলাবাসীর উপেক্ষিত এসব দাবি পূরণ হবে বলে আশা করি।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলা সদর ও শ্রীমঙ্গলে দুটি জনসভা সফল করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনায় প্রশাসন ও বিএনপির নেতারা ব্যস্ত ‌সময় পার করছেন। প্রধানমন্ত্রী মৌলভীবাজারে আসছেন আগামী বুধবার। তাঁর আগমন ঘিরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ও জেলা সদরের মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুটি জনসভার আয়োজনে ব্যাপক প্রস্তুতি চলছে। 

মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন বলেন, জনসভা রাজনগর কলেজ মাঠে নাকি জেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে তা মুখ্য নয়। রাজনগরকে পৌরসভায় রূপান্তর, উপজেলা সদরে গ্যাস সংযোগ, রাজনগর ও বালাগঞ্জের জনসাধারণের মানুষের নিরাপদ যোগাযোগ ব্যবস্থার নিমিত্তে খেয়াঘাট নামক স্থানে কুশিয়ারা নদীর ওপর সেতু নির্মাণের দাবিসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের আবেদন জানানো হবে। 

মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান জানান, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে মৌলভীবাজার জেলা পিছিয়ে রয়েছে। তাই এ জেলাকে এ গ্রেডে উন্নীত করে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও পূর্ণাঙ্গ টেকনিক্যাল কলেজ স্থাপনে প্রধানমন্ত্রী আশু প্রদক্ষেপ গ্রহণ করবেন।  মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান জানান, নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান জনগণের কাছে জেলার চারটি আসন চেয়েছিলেন। জনগণ তাঁর চাওয়া শতভাগ মূল্যায়ন করেছেন। তাই আশা করি, সিলেট বিভাগের মৌলভীবাজার ছাড়া অপর তিন জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এবার মৌলভীবাজার জেলায় প্রধানমন্ত্রী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দেবেন। 

তিনি আরও বলেন, মৌলভীবাজারের প্রচুর মানুষ প্রবাসে অবস্থান করেন। চা বাগান ও চা নিলাম কেন্দ্রের জন্য এবং শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে স্বল্প সময়ে যোগাযোগের জন্য কমলগঞ্জের শমশেরনগর বিমানবন্দর চালুর জন্য জোর দাবি জানানো হবে। এ ছাড়া মৌলভীবাজার একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জেলা। প্রতি মাসে প্রচুর পর্যটক মৌলভীবাজারে আসেন। স্বল্প খরচে সহজে শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়ায় যাতায়াতের জন্য ট্রেনের বিশেষ বগির ব্যবস্থা করার দাবি রয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, জনগণের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে আসছেন। তাঁকে বরণে জেলার লাখো মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর আগমনকেন্দ্রিক আয়োজিত জনসভাকে সফল করতে সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন

×