ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় চার কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ শেষ

মঙ্গলবার যুক্তিতর্কের পর রায়

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় চার কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ শেষ
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৬:৩১

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আলোচিত চার বছরের শিশু ধর্ষণ মামলায় চার কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন ট্রাইব্যুনাল। আজ সোমবার সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে। চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এর আদালত এ দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের পিপি মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় চার কার্যদিবসে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। আজ ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামির পরীক্ষাও শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর পর রায় ঘোষণা করবেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, গত ৯ জুন মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। আসামি মনির হোসেন (৩০) কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকার বাসিন্দা। তবে তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার মিয়াখাননগরে বসবাস করতেন। গত ২১ মে বিকেলে বাকলিয়ার নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠসংলগ্ন একটি গুদামঘরে চার বছর বয়সী একটি শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট এবং ভুক্তভোগী ও আসামির জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মনির হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। 

আরও পড়ুন

×