ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

পেকুয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

পেকুয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
×

ছবি: সমকাল

কক্সবাজার প্রতিনিধি ও পেকুয়া সংবাদদাতা

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৭:৩০

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সোমবার সকাল আটটার দিকে আনোয়ারার-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা এলাকার আব্দুর রশিদের ছেলে হাসান আলী (৬৫) ও সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার তোতা বেপারীর ছেলে আফজাল সরকার (৪৫)। আহতরা হলেন—পেকুয়া পৌরসভার হরিনাফাঁড়ি এলাকার মোহাম্মদ সিরাজ (৪২), মোহাম্মদ শাহেদ (২২) এবং নিহত হাসান আলীর স্ত্রী পাখি বেগম (৫৫) ও ছেলে মোহাম্মদ রামিম (১০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা টৈটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশার সব যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান সমকালকে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুর দুইটার দিকে গুরুতর আহত দুজনই মারা যান। একই ঘটনায় আহত অন্য চারজনকেও উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার ও চট্টগ্রামে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×