ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

ডিজে গানের তালে নেচে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

ডিজে গানের তালে নেচে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
×

শোভাযাত্রা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৯:৩৭

আকাশি-সাদা পতাকায় পর্যটন নগরী কক্সবাজার যেন রূপ নিয়েছে এক টুকরো আর্জেন্টিনায়। চলমান বিশ্বকাপ ফুটবলকে ঘিরে কক্সবাজার শহরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশে রাস্তায় নেমেছেন শত শত সমর্থক।

আজ সোমবার বিকেলে কক্সবাজার শহরের গোলচত্বর থেকে শুরু হয় আর্জেন্টিনা সমর্থকদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা। আকাশি-সাদা পতাকা, ব্যানার ও প্রিয় খেলোয়াড়দের ছবি সম্বলিত ফেস্টুন হাতে সমর্থকরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। গোলচত্বরে এসে শোভাযাত্রা শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা প্রিয় দলের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ডিজে গানের তালে তালে নেচে, উল্লাস করতে থাকেন সমর্থকরা। পুরো শহরজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। শোভাযাত্রা দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন সাধারণ মানুষ ও পর্যটকরা।

আর্জেন্টিনা সমর্থক ইনজামাম বলেন, ‘আর্জেন্টিনা আমাদের কাছে শুধু একটি দল নয়, এটি একটি আবেগের নাম। বিশ্বকাপ এলেই আমরা নতুন করে উজ্জীবিত হই। প্রিয় দলের জন্য এই ভালোবাসা প্রকাশ করতেই আমরা একত্রিত হয়েছি।’

আরেক সমর্থক মোহাম্মদ রিয়াদ বলেন, ‘কক্সবাজারে প্রতিবছরই আর্জেন্টিনা সমর্থকদের নানা আয়োজন থাকে। এবারও আমরা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দলের প্রতি সমর্থন জানাচ্ছি। আশা করি আর্জেন্টিনা ভালো খেলবে এবং শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে যাবে।’

আয়োজক মোরশেদ আলম জানান, বিশ্বকাপ উপলক্ষে আগামী দিনগুলোতেও সমর্থকদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে। ফুটবলকে ঘিরে সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দিতেই তাদের এই উদ্যোগ।

আরও পড়ুন

×