হবিগঞ্জে কবরের পাশের রাস্তা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ২
উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ছবি: সমকাল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৩:০৮ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ১৩:৩৯
হবিগঞ্জের বাহুবল উপজেলার আদিত্যপুর ও আব্দাফৌজদা গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই দফা সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সোমবার দুপুর ও সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন আদিত্যপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে সেলু মিয়া (৫৩) এবং গাবরু মিয়ার ছেলে হেলাল মিয়া (৩৭)।
পুলিশ জানায়, দুই গ্রামের মধ্যবর্তী কবরস্থানের পাশের চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার দুপুরে আদিত্যপুর গ্রামের মিলন ও নাসিরের সঙ্গে আব্দাফৌজদা গ্রামের আব্দুল হাই ও শালু মিয়ার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সন্ধ্যায় ডুবাঐ বাজার এলাকায় আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
গুরুতর আহত সেলু মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত হেলাল মিয়াকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
আহতদের মধ্যে কদর আলী, লুৎফুর রহমান, আতাউর রহমান, কুহিনুর মিয়া, জাহিদ মিয়া, রিমন, অলফু মিয়া, খলিল মিয়া, সুহেল মিয়া, হাবিব মিয়া, সিমন ও হান্নান মিয়াসহ অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. পারভেজ মোশারফ হোসেন বলেন, 'সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। সেলু মিয়া বিকেলে এবং হেলাল মিয়া রাতে হাসপাতালে মারা যান।'
বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
- বিষয় :
- হবিগঞ্জ
- সংঘর্ষে নিহত
- বাহুবল
