মাদকবিরোধী আন্দোলনে সামাজিক ঐক্যের আহ্বান এমপি ফয়সলের
মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ মো. ফয়সল। ছবি: সমকাল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৬:০৭
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না; বরং সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ফয়সল বলেন, মাদকের ভয়াবহ বিস্তার আজ দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং পুরো জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের কারণে বিপথগামী হচ্ছে, যা দেশের আগামী প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তারা যতই প্রভাবশালী বা ঘনিষ্ঠজন হোক, আইনের আওতায় তাদের আসতেই হবে।
মাদক নিয়ন্ত্রণ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয় উল্লেখ করে এমপি ফয়সল বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে। সমাজের প্রতিটি স্তরে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। কেবল সভা-সেমিনারে বক্তব্য দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, বরং প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, সমাজকে মাদকের বিরুদ্ধে জাগিয়ে তুলতে হবে। পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হবে। অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে আরও সচেতন হতে হবে। মাদকবিরোধী কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে পারলেই একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত করেছে। তাই জনগণের কল্যাণে কাজ করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা তাদের দায়িত্ব। তিনি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় মাধবপুর বাজারের অভ্যন্তরে অবাধে গবাদিপশু চলাচলের বিষয়টিও আলোচনায় আসে। বাজারে গরু ও অন্যান্য গবাদিপশু অবাধে বিচরণ করায় ব্যবসায়ী ও পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে সংসদ সদস্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানাকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় আরও আলোচনা হয় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, জননিরাপত্তা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, সাবেক কাউন্সিলর ইশরাত জাহান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ এবং মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
