স্বামীকে বিমানবন্দরে পৌঁছে দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর
কুসুমপুর বউবাজার এলাকায় পৌঁছালে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ছবি: সমকাল
সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৫:৪৬ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ১৫:৪৭
বিদেশে কর্মস্থলে ফেরার আগে স্বামীকে বিমানবন্দরে পৌঁছে দিতে গিয়ে মুন্সীগঞ্জের সিরাজদীখান এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম (৩৫) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বজ্রযোগিনী গ্রামের বাসিন্দা। তার স্বামী মো. লিটন হোসেন (৪০) দুবাইপ্রবাসী।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে লিটন হোসেনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে পরিবারের সদস্যদের নিয়ে একটি মাইক্রোবাসে রওনা হন স্বজনরা। পথে কুসুমপুর বউবাজার এলাকায় পৌঁছালে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মমতাজ বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ছয়জন ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।
সিরাজদীখান থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহত সবাই নিহতের নিকটাত্মীয়। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- সড়ক দুর্ঘটনা
