ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

নারী যাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শুল্কপ্রহরী বরখাস্ত

নারী যাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শুল্কপ্রহরী বরখাস্ত
×

প্রতীকী ছবি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১১:০৪

চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাটে নারী যাত্রীদের যৌন হয়রানির অভিযোগে এক শুল্কপ্রহরীকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বরখাস্ত হওয়া ওই কর্মচারীর নাম মো. শাহজাহান আলী (৫৮)। মঙ্গলবার বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, কুমিরা-গুপ্তছড়া টার্মিনাল ঘাট ও বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় দায়িত্ব পালনের সময় নারী যাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়েছে। এতে কর্তৃপক্ষের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হওয়ায় কর্মচারী শৃঙ্খলাবিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে ওই শুল্কপ্রহরীকে এক নারী যাত্রীকে ভিড়ের মধ্যে যৌন হয়রানি করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। জানা যায়, ঘটনাটি ১ জুন গুপ্তছড়া ঘাটে ঘটে, যখন ওই নারী যাত্রীবাহী জাহাজে ওঠার চেষ্টা করছিলেন।

বিআইডব্লিউটিএর উপপরিচালক নয়ন শীল বলেন, অভিযুক্ত কর্মকর্তা মাসের অর্ধেক সময় সন্দ্বীপ উপকূলে এবং বাকি অর্ধেক সময় বাঁশবাড়িয়া ঘাটে দায়িত্ব পালন করতেন। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নারীদের হয়রানির অভিযোগ ছিল বলে যাত্রীদের কাছ থেকে জানা গেছে। ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর আরও অনেকে অভিযোগ করেন। পরে তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×