ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ফ্যামিলি কার্ড তৃণমূলের অর্থনৈতিক নিরাপত্তার অনন্য বহিঃপ্রকাশ: পার্বত্য প্রতিমন্ত্রী 

ফ্যামিলি কার্ড তৃণমূলের অর্থনৈতিক নিরাপত্তার অনন্য বহিঃপ্রকাশ: পার্বত্য প্রতিমন্ত্রী 
×

ছবি: সমকাল

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ২০:৩১

ফ্যামিলি কার্ড কার্যক্রম তৃণমূল মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণে জনকল্যাণমুখী ভাবনার এক অনন্য বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বুধবার বিকেল ৩টায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের পাইলটিংয়ের তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় দেশের ১৯টি উপজেলার পাশাপাশি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নেও ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, এই ঐতিহাসিক ও শুভক্ষণে গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি, যাঁর আদর্শ ও জনমুখী দর্শন আমাদের আজীবন অনুপ্রেরণা জোগায়। কৃতজ্ঞতা জানাই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও ত্যাগ এ দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইকে বেগবান করেছে। একই সাথে আমি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি, যাঁর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ নতুন এক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। 

হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ১২৪ জন পরিবারের সদস্যদের হাতে এ কার্ড তুলে দেয়া হয়। 

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ আল-আমিন ও ড. মো. শফিকুল ইসলাম, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, ওসি জাহিদুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

×