ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

যারা বলছে সরকারকে সময় দেওয়া যাবে না, তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

যারা বলছে সরকারকে সময় দেওয়া যাবে না, তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
×

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে ছবি: পিএমও

মৌলভীবাজার ও শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ০০:৫১ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ০০:৫৩

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারকে সময় দেওয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে, তারা নিজেদের স্বার্থে কথা বলছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে বিএনপি আগামী পাঁচ বছর দেশ পরিচালনা করবে।

বুধবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে তিনি এসব কথা বলেন। একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘মনে আছে তো–একাত্তরে এরা কী করেছিল? ১৯৮৬ তে কী করেছিল? এক যুগ যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলনে তাদের কোথাও আমরা কিন্তু দেখিনি।’ 

এই অনুষ্ঠানে জেলার প্রান্তিক নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। ১০ জন নারী সদস্যের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন তিনি। কম্পিউটারে বাটন চেপে মৌলভীবাজারের ১৯ ওয়ার্ডসহ অনলাইনের মাধ্যমে আরও ২১ জেলার বিভিন্ন উপজেলায় তৃতীয় পর্যায়ে নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি একযোগে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। ফ্যামিলি কার্ড বিতরণের আগে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি আম ও নিম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে চা-শ্রমিকের আবাসন এবং তাদের সন্তানদের বৃত্তি প্রদানসহ দুঃস্থ-অসহায়, প্রতিবন্ধী, প্রান্তিক মানুষের মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান করেন সরকারপ্রধান।

নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা বলেছে, সরকারকে সময় দেওয়া যাবে না তাদের সতর্ক করে আমি বলতে চাই, বিএনপির প্রতিশ্রুতির পরিকল্পনা জনগণের পরিকল্পনা। এটি যারা ভেস্তে দিতে চায়, তাদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে। বিএনপির কিছু করা লাগবে না। জনগণ সতর্ক থাকলেই বিএনপির কাজ হয়ে যাবে।’  

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা বিএনপিকে সময় দিতে চায় না তারা বলে ফ্যামিলি কার্ড কোত্থেকে করবা? টাকা পাবা কই? তাদের উদ্দেশ্যে পরিষ্কার করে বলে দিতে চাই, বিগত এক যুগ আমরা দেখেছি, কীভাবে দেশের অর্থ পাচার হয়ে গিয়েছিল। এখন থেকে বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে সেই পাচার আমরা রুখে দেব। দেশকে গড়ে তুলতে আমাদের হাতে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে।’

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারহানা শারমিন, জাতীয় সংসদের হুইপ জিকে গউস, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এবং কেরানীগঞ্জ থেকে অনলাইনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বক্তব্য দেন।

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ

বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। সমাজকল্যাণ মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত এবং পরে বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ১০ নারীর হাতে সরাসরি ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। পরে কম্পিউটারে বাটন চেপে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায় কর্মসূচির উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে চা শ্রমিক আবাসন সমস্যা সমাধানে শ্রমিকদের দুই লাখ টাকা করে অনুদান, চা শ্রমিকদের সন্তানদের জন্য বৃত্তি প্রদান, প্রতিবন্ধীদের জন্য আর্থিক অনুদানের চেকও প্রদান করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের যে জন্য বাজেট দেওয়া হয়েছে, একটি দল বলে এটি নাকি জনবিরোধী বাজেট। জনবান্ধব বাজেটকে যারা গণবিরোধী বাজেট বলে তারা জনগণের বন্ধু হতে পারে না। যারা জনগণকে বিভ্রান্তি করে তাদের বিরুদ্ধে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি সবসময় জনগণের কাতারে ছিল। যতবার সুযোগ এসেছে দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এনেছে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে যখন দেশে জনগণ ফুঁসে উঠেছিল গণতন্ত্র রক্ষা করার জন্য, তখন অনেক বড় রাজনৈতিক নেতারা এ দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন। খালেদা জিয়া দেশের জনগণকে রেখে কোথাও যাননি। খালেদা জিয়া বলেছিলেন বাংলাদেশই হচ্ছে আমার প্রথম ঠিকানা, বাংলাদেশই হচ্ছে আমাদের আমার শেষ ঠিকানা।

বক্তব্যের শুরুতে জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার জন্য আজকে একটা খুব আনন্দের দিন। কয়েক মাস আগে যখন নির্বাচনের প্রথম প্রচার অভিযান শুরু হয়, আমি সিলেটের পবিত্র মাটি থেকে সেই প্রচার কাজ শুরু করেছিলাম। সেই জনসভা মঞ্চ থেকে বলেছিলাম, বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয়, তাহলে আমরা আমাদের চা-বাগানে শ্রমিক হিসেবে যে সকল মায় কাজ করেন তাদের জন্য ফ্যামিলি কার্ড দেব।’ বক্তব্য শেষে তারেক রহমান সেখানে একটি জাম ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ল প্যান্ডেল

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান শুরুর আগেই প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় উপকারভোগীদের জন্য নির্মিত প্যান্ডেলের একটি অংশ ভেঙে পড়ে। পরে নিরাপত্তার কথা বিবেচনা করে পুরো প্যান্ডেল খুলে ফেলা হয়। এসময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্যান্ডেল সরিয়ে নেওয়ার পর দর্শনার্থী ও উপকারভোগীদের অনেকেই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন।

আরও পড়ুন

×