ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

মেহেরপুর সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিহতের দাবি বিজিবির

মেহেরপুর সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিহতের দাবি বিজিবির
×

সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়। ছবি: সমকাল

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১৫:৪৩

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি বলে জানানো হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া এলাকার ১১৬ নম্বর প্রধান সীমান্ত পিলার সংলগ্ন শূন্যরেখা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ভোরের দিকে সীমান্তের ওপারে চারজন ব্যক্তিকে দেখা যায়। পরে বিজিবি কঠোর অবস্থান নিলে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। একপর্যায়ে ধাওয়া দিলে তারা ভারতের কাঁটাতারের কাছাকাছি ফিরে যায়। পরে তাদের আর খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, ওই চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তবে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে কয়েকটি কাপড়-চোপড় পড়ে থাকতে দেখা যায়।

বিজিবি ও স্থানীয়রা বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালালেও তাদের আর পাওয়া যায়নি। পরে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, বুড়িপোতা সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। বর্তমানে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। তিনি আরও বলেন, যেখানেই পুশইনের চেষ্টা করা হবে, সেখানেই তা প্রতিহত করা হবে।
 

আরও পড়ুন

×