নওগাঁ
৯ ঘণ্টার মধ্যেই ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
প্রতীকী ছবি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১৬:০৯
নওগাঁ সদর থানায় দায়ের হওয়া এক ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামিকে মামলা রুজুর মাত্র ৯ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র্যাব-৫। শুক্রবার বিকেলে র্যাব-৫, রাজশাহী কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শরিফুল ইসলাম (৩০)। তিনি মহাদেবপুর উপজেলা-এর স্বরস্বতীপুর গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলার এজাহার অনুযায়ী, গত ১১ জুন রাতে ওই নারীকে নওগাঁ শহর থেকে কৌশলে নিয়ে গিয়ে কদমতলী মোড় এলাকায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
মামলা রুজুর পর র্যাব-৫-এর সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে মহাদেবপুর উপজেলা-এর কদমতলী মোড় এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, মামলা রুজুর মাত্র ৯ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়।
- বিষয় :
- নওগাঁ
- ধর্ষণ মামলা
- গ্রেপ্তার
