নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
ছবি: সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ২২:৪৩
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ৩টায় শহরের চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
পরে শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া এলাকায় এসে এটি শেষ হয়। এ সময় পুরো এলাকা আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা। হাতে ব্রাজিলের পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা ‘ব্রাজিল জিতবে বিশ্বকাপ’, ‘ফুটবল আমাদের আবেগ’সহ নানা স্লোগানে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
ব্রাজিল সমর্থক তন্ময় রাইয়ান বলেন, ব্রাজিল মানেই আমাদের আবেগ। আশা করছি এবার হেক্সা মিশন পূরণ হবে। তবে জয়-পরাজয় যাই হোক, আমরা সবসময় এই দলের সঙ্গেই থাকব।
আরেকজন অংশগ্রহণকারী সোহেল বলেন, নারায়ণগঞ্জে ফুটবল নিয়ে এমন আয়োজন আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও আনন্দ বাড়াক। আমরা চাই নিয়মিত এমন ক্রীড়া-উৎসব হোক। খেলাধুলার আয়োজনও হোক।
শোভাযাত্রার অন্যতম উদ্যোক্তা নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু বলেন, খেলাধুলা সমাজে ইতিবাচক পরিবেশ তৈরি করে। ব্রাজিল সমর্থকদের এই আয়োজন নারায়ণগঞ্জের ক্রীড়াপ্রেমী মানসিকতার প্রতিফলন।
তিনি বলেন, যুবসমাজকে ইতিবাচক কাজে যুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতিকে আরও দৃঢ় করবে।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
- ব্রাজিল
- শোভাযাত্রা
