ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মাঙ্কিপক্স শনাক্তে এআই গবেষণা

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইবি শিক্ষক ড. শামীম হোসেন

আন্তর্জাতিক স্বীকৃতি  পেলেন ইবি শিক্ষক  ড. শামীম হোসেন
×

ড. শামীম হোসেন

 ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৭:৩৭

| প্রিন্ট সংস্করণ

মাঙ্কিপক্স রোগ শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) গবেষণার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম হোসেন। বিশ্বের শীর্ষস্থানীয় কিউ১ জার্নাল নিউরাল নেটওয়ার্কসের মর্যাদাপূর্ণ ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে তাঁর যৌথ গবেষণাপত্রটি। 

আগামী ২১ থেকে ২৬ জুন নেদারল্যান্ডসে অনুষ্ঠিতব্য ‘আইইইই ওয়ার্ল্ড কংগ্রেস অন কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স’ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার গ্রহণ করবেন। 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই পুরস্কারপ্রাপ্ত গবেষণাটি ড. শামীম হোসেন এবং দক্ষিণ কোরিয়ার সাংকিউংকওয়ান বিশ্ববিদ্যালয়ের কোয়ান্টাম বায়োফিজিক্স ইনস্টিটিউটের পিএইচডি গবেষক দীপঙ্কর বালা যৌথভাবে সম্পন্ন করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ভিশন ল্যাব ও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়নার (ইউএসটিসি) যৌথ গবেষণা উদ্যোগের আওতায় এটি পরিচালিত হয়। গবেষণার তত্ত্বাবধানে ছিলেন ইউএসটিসি’র অধ্যাপক ঝাংজিন হুয়াং। 

গবেষণার মূল লক্ষ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে দ্রুত ও নিখুঁতভাবে মাঙ্কিপক্স রোগ শনাক্তকরণের একটি কার্যকর পদ্ধতি উদ্ভাবন করা। ২০২৩ সালের শেষ দিকে জার্নালটিতে প্রকাশের পর থেকেই এটি আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মহলে সাড়া ফেলে। পরে এটি মেডিকেল ইমেজ বিশ্লেষণ এবং মাঙ্কিপক্স শনাক্তকরণের ক্ষেত্রে অন্যতম শীর্ষ বহুল উদ্ধৃত গবেষণাপত্রে পরিণত হয়। 
ড. শামীম হোসেন বলেন, এই স্বীকৃতি সামগ্রিকভাবে বাংলাদেশের গবেষণা সক্ষমতার আন্তর্জাতিক দলিল।

আরও পড়ুন

×