ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

পাথরঘাটায় এসিড সন্ত্রাসের শিকার নারীকে অপমান ওসির

পাথরঘাটায় এসিড সন্ত্রাসের শিকার নারীকে অপমান ওসির
×

 বরিশাল ব্যুরো ও পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৭:৪২

| প্রিন্ট সংস্করণ

এসিড সন্ত্রাসের শিকার এক নারীকে অপমান ও অপদস্থ করার অভিযোগ উঠেছে বরগুনার পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ এনামের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 
ওই নারী সমকালকে জানান, জমি নিয়ে বিরোধের জেরে গত ৯ মে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর এসিড নিক্ষেপ করে। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনায় ২০ মে বরগুনা এসিড দমন ট্রাইব্যুনালে আরজি দিয়েছেন। আদালতের নির্দেশে মামলাটি থানায় এজাহারভুক্ত হয়। প্রধান আসামি বাদশা আকনকে গত বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। ঘুষের বিনিময়ে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

 এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সকালে ওই নারী থানার উদ্দেশে রওনা হন। তা জানতে পেরে বেলা ১১টার দিকে বাদশা তাঁকে মারধর করেন এবং চরদুয়ানীর বাজারের একটি ঘরে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। 

ওই নারীর অভিযোগ, দুপুর ১২টার দিকে তাঁর কক্ষে ঢোকামাত্র ওসি বলেন, ‘আপনি সেই চরদুয়ানীর মাল না? ইবলিস যেন কোথাকার!’ আরও অশ্রাব্য ভাষায় গালি দেন ওসি। এ সময় অন্যদের সঙ্গে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মরিয়ম চৌধুরী জেবু ওসির কক্ষে ছিলেন। 
জানতে চাইলে জেবু বলেন, ‘আমার সামনেই ওসি বাদীকে কটাক্ষ করেছেন। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার মুখে এমন মন্তব্য শুনে আমি এবং উপস্থিত সবাই বিব্রতকর পরিস্থিতিতে পড়ি।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য পাথরঘাটা থানার ওসি এনামের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও ধরেননি। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ চৌধুরী বলেন, ‘বাদীর ওপর হামলার অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাঁকে উদ্ধার করা হয়। ওসির বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×