মা-বাবা হারানো শিশুর পরিবার পেল মাসিক বাজার
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মা-বাবা হারানো শিশু ফাতিমার পরিবারে পৌঁছে দেওয়া নিত্যপণ্য সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০৮:১৬
| প্রিন্ট সংস্করণ
সড়ক দুর্ঘটনায় মা-বাবাকে হারানো শিশু ফাতেমার পাঁচ সদস্যের পরিবারে নিত্যপণ্য ও উপহার পৌঁছে দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ফাতেমার স্বজনের হাতে বাজার সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০২২ সালের ১৬ জুলাই ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান অন্তঃসত্ত্বা রত্না বেগম, তাঁর স্বামী জাহাঙ্গীর আলম এবং তাদের ছয় বছরের মেয়ে সানজিদা। তবে মৃত্যুর ঠিক আগমুহূর্তে মায়ের গর্ভ ফেটে অলৌকিকভাবে সড়কেই জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান। তার নাম রাখা হয় ফাতেমা। এই ঘটনার পর লন্ডন থেকে অসহায় শিশু ফাতেমা ও তার পরিবারের আজীবন ভরণপোষণের দায়িত্ব নেন বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই থেকে প্রতি মাসে শিশু ফাতেমার পাঁচ সদস্যের পরিবারে নিত্যপণ্য ও উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে বাজার সামগ্রী পৌঁছে দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন। বাজারের তালিকায় রয়েছে চাল, ডাল, চিড়া, মুড়ি, চিনি, তেল, লবণ, মুরগিসহ নিত্যপণ্য।
শিশুটি দাদা মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ফাতেমার জন্মের মাস থেকে শুরু করে প্রতি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাঁর পরিবারের মাসিক বাজার পৌঁছে দেওয়া হচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ছাত্রনেতা নাইমুল করিম লুইন জানান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন নিয়মিত এই পরিবারটির খোঁজখবর রাখছেন। টানা চার বছর ধরে পরিবারটিতে মাসিক বাজার পৌঁছে দিচ্ছেন তারা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে শিশু ফাতেমা রাজধানীর আজিমপুর ছোটমণি নিবাসে রয়েছে। তার বর্তমান বয়স চার বছর।
- বিষয় :
- শিশু
